মৃত্যু—মানবজীবনের অবধারিত এক চূড়ান্ত সত্য। এই ক্ষণিক পৃথিবীর সব ব্যস্ততা, স্বপ্ন আর আকাঙ্ক্ষার শেষে আসে এক নিঃশব্দ বিদায়। কিন্তু সেই বিদায়ের মুহূর্তে একজন মুমিনের হৃদয়ে কী থাকে? কী প্রার্থনা উচ্চারিত হয় তার জিহ্বায়? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাইতো মহানবী (সা.)-যিনি ছিলেন আল্লাহর সর্বাধিক প্রিয় বান্দা, তিনিও মৃত্যুর কঠিন মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও উত্তম সঙ্গ কামনা করে দোয়া করেছিলেন। আয়েশা (রা.)-থেকে বর্ণিত, আমি মহানবী (সা.)-কে মৃত্যুর আগে আমার গায়ে হেলান দিয়ে এই দোয়া পাঠ করতে শুনেছি। তিনি বলেছেন,
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي، وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأَعْلَى
উচ্চারণ :
‘আল্লাহুম্মাগফিরলি ওরহামনি ওয়া আলহিকনি বিররাফিকিল আলা।
অর্থ :
‘হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার ওপর রহম করুন এবং আমাকে মহান সাথির সাথে মিলিত করে দিন।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৪৪৪৭)
অন্য হাদিসে আয়েশা (রা.)-আরো বর্ণনা করে বলেন, ‘আমি দেখেছি যে, মহানবী (সা.) যখন মৃত্যুমুখে ছিলেন, তখন তার সামনে একটি পাত্র ছিল। তিনি সেটার মধ্যে হাত ঢুকিয়ে পানি নিয়ে চেহারা মুছছিলেন আর বলছিলেন,
اللَّهُمَّ أَعِنِّي عَلَى غَمَرَاتِ الْمَوْتِ أَوْ سَكَرَاتِ الْمَوْتِ
উচ্চারণ :
‘আল্লাহুম্মা আয়িন্নি আলা গামারাতিল মাউতি আও সাকারাতিল মাউতি।’
অর্থ :
‘হে আল্লাহ, মৃত্যুর কষ্ট ও তার বিভীষিকা থেকে আপনি আমাকে রক্ষা করুন।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৪৪৪০, সহিহ মুসলিম, হাদিস নং : ৬২৯৩)








Leave a Reply