জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

নদী-খাল পুনঃখননের দাবি: শান্তিপুরের নৌপথ ফিরিয়ে আনার আহ্বান

প্রতিবেদন:

একসময় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শান্তিপুর ঘেয়া ঘাট ছিলো স্থানীয় যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজ থেকে প্রায় ২৩ বছর আগেও এই ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় সহজেই যাতায়াত করা যেতো চান্দহর, শহীদ রফিক সেতু, সাভার, হজরতপুর, ঢালিকান্দি, পারাগ্রাম এমনকি গাবতলী পর্যন্ত। নদী ও খালের এই বিস্তৃত নৌপথ ছিলো এলাকাবাসীর জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ।

শুধু শুষ্ক মৌসুমেই নয়, বর্ষা এলেই নৌপথের গুরুত্ব আরও বেড়ে যেত। তখন আগলা ও কুমরগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় নৌকাই ছিলো প্রধান ভরসা। কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন যাতায়াতে এই নৌপথের অবদান ছিল অপরিসীম।

কিন্তু সময়ের ব্যবধানে সেই প্রাণচঞ্চল নৌপথ আজ প্রায় বিলুপ্ত। খাল ও নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে, যার ফলে স্থানীয় জনগণকে বিকল্প ও ব্যয়বহুল যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করতে হচ্ছে।

বর্তমান সরকার সারাদেশে নদী ও খাল পুনঃখননের যে উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই প্রেক্ষাপটে শান্তিপুরসহ আশপাশের এলাকার জনগণের জোর দাবি—এই অঞ্চলের খাল ও নদীগুলো পুনরায় খননের মাধ্যমে পুরনো নৌপথগুলো পুনর্জীবিত করা হোক।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট মাননীয় সংসদ সদস্য বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। নৌপথ পুনরুদ্ধার হলে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, তেমনি এলাকার অর্থনৈতিক কার্যক্রমও নতুন করে গতি পাবে।

নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য রক্ষায় এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে নদী ও খাল পুনঃখননের বিকল্প নেই। শান্তিপুরের হারিয়ে যাওয়া নৌপথ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

Please follow and like us:
Social Media Auto Publish Powered By : XYZScripts.com