জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

ভৈরবে ৭ মাসের শিশু সন্তানকে হত্যার ঘটনায় বাবা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকায় মাত্র সাত মাস বয়সী শিশু মোজাহিদ হত্যার ঘটনায় ১৬ দিন পর প্রধান আসামি ও শিশুটির বাবা মেরাজ মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২ মে) দুপুরে মানিকদী পূর্ব কান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৪টার দিকে তাকে ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার শাহজাহান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ মিয়া তার সন্তান মোজাহিদকে হত্যার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মেরাজ মিয়া মানিকদী পূর্ব কান্দা এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শিশুটির মা তাসলিমা বেগম একই এলাকার বাসিন্দা। ঘটনার আগে শিশুটির অসুস্থতার খবর পেয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে জানা গেছে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, শিশুটির অসুস্থতার কথা জানার পর তাকে চিকিৎসার কথা বলে বাবার বাড়িতে নেওয়া হয়। এরপর থেকেই শিশু ও তার বাবা নিখোঁজ ছিলেন। পরে এলাকাবাসীর মধ্যে গুজব ছড়ায় যে শিশুটিকে বিক্রি করা হয়েছে। গত ১৬ এপ্রিল সকালে স্থানীয়রা পূর্ব কান্দা এলাকার একটি বিলে শিশুর মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে মা তাসলিমা বেগম তা তার সন্তান মোজাহিদ বলে শনাক্ত করেন।

এ ঘটনায় শিশুটির মা তাসলিমা বেগম বাদী হয়ে স্বামী মেরাজ মিয়াসহ পাঁচজনকে আসামি করে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন।

ভৈরব থানার ওসি (তদন্ত) লিমন বোস জানান, র‌্যাবের সহায়তায় মেরাজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com