ক্যান্সারের চতুর্থ স্টেজে অভিনেতা তপন, সরকারের সহায়তা চায় পরিবার

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা গুরুতর। রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তপন। গত ডিসেম্বর মাসে তাঁর শরীরে রোগটি ধরা পড়ে।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ক্যান্সারটি ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তাঁকে তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে।

অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, স্বামীর শারীরিক অবস্থার দিনদিন অবনতি হচ্ছে। তিনি বলেন, ‘কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। সারা দিন শুয়ে থাকেন, শরীরে প্রচণ্ড ব্যথা।’

চিকিৎসার ব্যয়ভার সামলাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। সাবিনা হেলেন জানান, ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি) ভর্তি করানোর চেষ্টা করা হলেও শয্যা না থাকায় তা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে অনেক টাকা লাগে। তাই পিজিতে ভর্তির চেষ্টা করেছি, কিন্তু সিট খালি না থাকায় ভর্তি করাতে পারিনি।’

বর্তমানে সরকার ও শিল্পীসমাজের সহযোগিতার আশায় দিন গুনছে পরিবারটি। সাবিনা হেলেন বলেন, ‘চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। আমরা সরকারের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে সবার কাছে সাহায্যের আবেদন করছি।’

একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই সমানভাবে কাজ করেছেন তিনি।

তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com