প্রতিবেদন: জনতার প্রতিধ্বনি ডেস্ক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর–চরমাধবপুর খেলার মাঠকে কেন্দ্র করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একটি সাধারণ খেলার মাঠকে ঘিরে বারবার এমন সংঘাতমুখী পরিস্থিতির উদ্ভব স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়াচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর চান্দহর এলাকার সরদারপাড়া দাবিদার কিছু তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্রসহ লাইভে এসে চরমাধবপুরের বাসিন্দাদের ওই মাঠে খেলতে নিষেধ করে। ওই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও প্রশাসন এবং স্থানীয় প্রবীণদের উদ্যোগে দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হয়।
তবে সম্প্রতি আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, চান্দহর ইউনিয়নের কিছু স্থানীয় নেতার উস্কানিমূলক বক্তব্য ও দায়িত্বহীন আচরণের কারণে ২০২৬ সালের এপ্রিল মাস থেকে দুই পক্ষের মধ্যে পুনরায় বিরোধ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, একটি খেলার মাঠকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি হওয়া কোনোভাবেই কাম্য নয়। খেলাধুলা যেখানে সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হওয়ার কথা, সেখানে সেটিই এখন বিরোধের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা চান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের উত্তেজনা আর সৃষ্টি না হয়।
স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের কার্যকর উদ্যোগের মাধ্যমে চান্দহর–চরমাধবপুর খেলার মাঠ আবারও সকলের জন্য উন্মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবহারের সুযোগ তৈরি হবে।














