জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) রাত ৯টায় জাতীয় গ্রিডে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। সেই রেকর্ডটি হয়েছিল ২০২৫ সালের ২৩ জুলাই। নতুন রেকর্ডের মাধ্যমে আগের সর্বোচ্চ উৎপাদনকে ছাড়িয়ে গেছে ৪০৬ মেগাওয়াট। আজ রাতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে আবাসিক এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বাড়ায় চাহিদা আরো বৃদ্ধি পাচ্ছে।

বিদ্যুৎ খাতসংশ্লিষ্টদের মতে, বাড়তি চাহিদা সামাল দিয়ে নতুন রেকর্ড পরিমাণ উৎপাদন দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করে। একই সঙ্গে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত কার্যক্রমও এ সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ হাজার মেগাওয়াট। তবে জ্বালানি সরবরাহ, কেন্দ্রের সক্ষমতা ও সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সব সময় পুরো সক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় না।

গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com