বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনার জেরে পরে আরো দুজন ছুরিকাহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে শহরের শাজাহানপুর থানাধীন ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম শহরের ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ফুলতলা শাহপাড়া এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডার সময় বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিয়ামের বুকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সিয়ামের পক্ষের লোকজন তূর্য (২২) ও তুহিন (১৬) নামে দুজনকে ছুরিকাঘাত ও মারধর করেন। আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তুহিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে নিহতের স্বজনদের হামলায় আহত তূর্য দাবি করেছেন, তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাকে কেবল সন্দেহের বশে মারধর করা হয়েছে। পুলিশ বর্তমানে আহতদের হেফাজতে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
তিনি বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ঘটনার প্রকৃত কারণ জানতে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’
















Leave a Reply