জামিন পেলেন সুকেশ, প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকলিন

আর্থিক কেলেঙ্কারির মামলায় আলোচিত সুকেশ চন্দ্রশেখরকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন দিল্লি উচ্চ আদালত। গত ৭ এপ্রিল দেওয়া এই আদেশের পর নতুন মোড় নিয়েছে আলোচিত মামলাটি। এবার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ তাঁর সেই প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন বলে জানা গেছে।

কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। কারাগারে থেকেও তিনি অভিনেত্রী জ্যাকলিনকে নানা উপহার ও প্রেমপত্র পাঠাতেন বলে একাধিকবার আলোচনায় আসে। শুধু তা-ই নয়, অভিনেত্রীকে উপহার দিয়েছেন হেলিকপ্টার, ইয়টও। তাতেও মন গলেনি প্রেমিকার। এমনকি প্রেমিকার সঙ্গে খুব শিগগির দেখা করার আশ্বাসও দিতেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

২০০ কোটি রুপির প্রতারণা মামলায় ২০২২ সালের আগস্টে ইডির চার্জশিটে সহ-অভিযুক্ত হিসেবে নাম আসে জ্যাকলিন ফার্নান্দেজের। তদন্তকারীদের অভিযোগ, সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও তাঁর কাছ থেকে গয়না, দামি পোশাক, গাড়িসহ প্রায় ৭ কোটি টাকার উপহার গ্রহণ করেছিলেন অভিনেত্রী। 

ইডির আরো অভিযোগ, সুকেশ গ্রেপ্তারের পর জ্যাকলিন নিজের ফোন থেকে কিছু তথ্য মুছে ফেলেছিলেন এবং আর্থিক লেনদেনের বিষয়টি প্রথমে গোপন করার চেষ্টা করেছিলেন। একপর্যায়ে তাঁর পাসপোর্টও জমা রাখা হয়। পরে প্রায় দুই বছর পর তা ফেরত পান তিনি। তবে এই সময়ের মধ্যে একাধিকবার ইডি কার্যালয়ে হাজিরা দিতে হয়েছে অভিনেত্রীকে।

তদন্তকারী সংস্থার মতে, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একটি বড় প্রতারণামূলক চক্রের যোগাযোগের ইঙ্গিত মিলেছে। বেশ কয়েক বছর ধরেই তিনি তদন্তের আওতায় রয়েছেন।

তবে জামিন পেলেও এখনই কারামুক্ত হতে পারছেন না সুকেশ। বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২৬টিতে জামিন মিললেও এখনো পাঁচটি মামলা বিচারাধীন।

কয়েক মাস আগেই জ্যাকলিনের বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যক্রম বাতিলের আবেদন খারিজ করে দেন ভারতের সুপ্রিম কোর্ট। এমন পরিস্থিতিতে তাঁর রাজসাক্ষী হওয়ার আবেদনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com