মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষার কেন্দ্রসমূহ হঠাৎ পরিদর্শন করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন। কোনো ধরনের পূর্বঘোষণা বা আনুষ্ঠানিক প্রটোকল ছাড়াই তিনি গোপনে কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সিংগাইরের সাহরাইল, সিংগাইর সরকারি বালক বিদ্যালয় এবং জয়মন্টপ উচ্চ বিদ্যালয়সহ একাধিক কেন্দ্র ঘুরে দেখেন। হঠাৎ এই পরিদর্শনের মাধ্যমে তিনি সরাসরি পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, নকলমুক্ত পরিস্থিতি এবং প্রশাসনিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এসময় সিংগাইর উপজেলার ইউএনও, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তারা শিক্ষামন্ত্রীকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সিংগাইর, মানিকগঞ্জের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার মানোন্নয়ন ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।















