ছাত্রলীগ যেমন জয় বাংলা বলে হামলা করত, ছাত্রশিবিরও তেমন নারায়ে তাকবির বলে হামলা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। ছাত্রদল কোনো রাজনৈতিক কর্মযজ্ঞ করতে গেলে শিবির সেটিকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার।
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
তিনি বলেন, “আগে ছাত্রলীগ হামলা করত ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে, এখন ছাত্রশিবির হামলা করা শুরু করেছে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে। এই স্লোগান মুখে নিয়ে পাবনার ঈশ্বরদী কলেজে শিবির তাণ্ডব ও ভাঙচুর চালিয়েছে।”
প্রথমবারের মতো বিরোধী দল হয়ে ছাত্রশিবিরের দাপট দেখা যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীর বেশ ধারণ করে ক্যাম্পাস দখল করে রেখেছে ছাত্রশিবির। ছাত্রদল কোনো ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞ করতে গেলে সেটাকে বিতর্কিত করার চেষ্টা করছে।’
জাতীয় নির্বাচনের জামায়াতের পক্ষে ভোট চাওয়ার মাধ্যমে শিবির নেতারা সংগঠনটিকে লেজুড়ভিত্তিক ছাত্রসংগঠন হিসেবে প্রমাণ করেছেন বলে দাবি রাশেদ খানের। তিনি বলেন, ‘ডাকসুসহ সব ছাত্রসংসদকে নিজেদের কার্যালয় বানিয়ে ফেলেছে ছাত্রশিবির।’
রাশেদ খান বলেন, “জামায়াত-শিবিরের রাজনীতি এমন যে ওদের সমালোচনা করলে বটবাহিনী লেলিয়ে দেয়। সেটাও না হয় মানা যায়, কিন্তু আজকে দেখলাম হামলার সময় ‘নায়ারে তাকবির, আল্লাহু আকবর’-এর মতো পবিত্র স্লোগানকে ব্যবহার করে বিতর্কিত করার চূড়ান্ত রকমের অপচেষ্টা করল ছাত্রশিবির।”
















Leave a Reply