জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন : প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে। শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা ও সিলেটের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে সরকার পরিকল্পনা নিয়েছে। ডাবল লাইন চালু হলে যাত্রীদের যাতায়াত খরচ কমবে এবং ব্যবসায়ীরাও কম ব্যয়ে পণ্য পরিবহন করতে পারবেন।’

তিনি আরো উল্লেখ করেন, সড়কপথ সম্প্রসারণের তুলনায় রেলপথ বেশি কার্যকর। রাস্তা বাড়ালে যানবাহনও বাড়ে, ফলে যানজট কমে না। এছাড়া সড়ক সম্প্রসারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। তাই সরকার রেলব্যবস্থাকে বেশি গুরুত্ব দিচ্ছে, যদিও সড়ক উন্নয়নও চলবে।

ঢাকা-সিলেট মহাসড়কের বর্তমান দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। বলেন, অনেক ক্ষেত্রে যাত্রায় ১০ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। রাস্তার বিভিন্ন অংশ ভাঙাচোরা হওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি জানান, সরকার গঠনের পর থেকেই এ সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে কিছু জটিলতা রয়েছে—বিশেষ করে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা এবং প্রশাসনিক বাধা। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব সমস্যা সমাধানে কাজ করছে। আশা করা হচ্ছে, দ্রুত কাজ শুরু হবে এবং ২ থেকে ৩ বছরের মধ্যে শেষ করা সম্ভব হবে।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে। সকাল সাড়ে ১১টার দিকে চাঁদনী ঘাট এলাকায় এ সমাবেশ শুরু হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তারা বক্তব্য দেন।

এর আগে প্রধানমন্ত্রী চাঁদনী ঘাটে সুরমা নদীসংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করেন। সিলেট সফরের শুরুতে তিনি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন এবং পরে একটি বাসে করে অনুষ্ঠানে যোগ দেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com