ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর বেশিরভাগ মানুষ মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো শুভেন্দু অধিকারীই হবেন নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু দিল্লিতে একটি পোপন বৈঠকের পর সেই আশায় কিছুটা ছেদ পড়েছে। মুখ্যমন্ত্রী দৌড়ে এখন আছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নাম।
৪ মে ভোটের ফল ঘোষণার পরই অগ্নিমিত্রা পাল গোপনে দিল্লি গিয়েছিলেন বলে খবর পওয়া যায়। সেই খবর প্রকাশের পরই রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়।
গত মঙ্গলবার (৫ মে) অগ্নিমিত্রা দিল্লিতে গিয়ে বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেন। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়। সেই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
গত কয়েকদিন ধরে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। প্রথমেই উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই তিনি জয়ী হয়েছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি বড় সাফল্য দেখিয়েছেন।
এর পাশাপাশি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের বুদ্ধিজীবী মুখ স্বপন দাশগুপ্তের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যেই অগ্নিমিত্রা পালের দিল্লি যাওয়া জল্পনা বাড়িয়ে দিয়েছে।
নন্দীগ্রামে স্থানীয়রা বলছেন, তারা ‘ঘরের ছেলে’ শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে আরএসএস সূত্রে শোনা যাচ্ছে, কার্তিক মহারাজকে বাংলার মুখ্যমন্ত্রী করা হতে পারে।
এ ছাড়া আরো আলোচনা চলছে, রাজ্যে একজন বা দুইজন উপমুখ্যমন্ত্রী থাকতে পারেন। সেই তালিকায় অগ্নিমিত্রা পাল অনেকটাই এগিয়ে আছেন বলে দাবি করা হচ্ছে। দলের কঠিন সময়ে রাস্তায় নেমে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি মন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে থাকতে পারেন। নতুন মন্ত্রিসভায় একাধিক নারী সদস্যও থাকতে পারেন।
একটি সূত্র জানিয়েছে, এই বিষয়গুলো নিয়ে দিল্লিতে অমিত শাহের বাসভবনে বৈঠকও হয়েছে। পাশাপাশি মন্ত্রিসভায় কারা থাকবেন, তা নিয়েও আলোচনা চলছে।
এবার বিজেপির প্রার্থী তালিকায় চমক হিসেবে উঠে এসেছে অভয়ার মা রত্না দেবনাথের নাম। আরজি কর ইস্যু ঘিরে তৈরি জনসমর্থন কাজে লাগিয়ে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। সব ঠিক থাকলে তিনিও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন।
আগামী ৯ মে, শনিবার ব্রিগেড ময়দানে বিজেপি সরকারের শপথ নেওয়া কথা। তার আগের দিন শুক্রবার মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবে দলটি।















Leave a Reply