জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

কুড়িগ্রাম সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের কচাকাটা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন দুই বাংলাদেশি। তারা হলেন—নাগেশ্বরী উপজেলার ডুমুরদহ গ্রামের আব্দুল গফুরের ছেলে সোলেমান সরকার (৩৪) এবং ভূরুঙ্গামারী উপজেলার কুমারটারী দক্ষিণ বলদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৩)। এ সময় ভারতীয় জনতা ও বিএসএফ তাদের আটক করে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে পথ ভুলে তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।

এ ঘটনায় বিজিবি বিএসএফকে চিঠি পাঠালে তার প্রেক্ষিতে সোমবার বিকেলে সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, বিজিবির মাধ্যমে ফেরত আসা দুই বাংলাদেশিকে থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com