জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

পিটার হাসকে হুমকি দেওয়া মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৫৬ লাখ ৭১ হাজার টাকার সম্পদ অর্জনের মামলায় বাঁশখালীর চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২৩ সালের ৬ নভেম্বর এক জনসভায় তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়েছিলেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি কালের কণ্ঠকে বলেন, মুজিবুল হক চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন। এ অপরাধে আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাকে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, তার মোট অর্জিত সম্পদ ও ব্যয়ের পরিমাণ ১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৩২ টাকা হলেও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ১ কোটি ২১ লাখ ২৭ হাজার ৮১৮ টাকা। অর্থাৎ, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার অসংগতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখায় তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ঘটনায় ২০২৩ সালের ২৮ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এ মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২৫ সালের ৩ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

প্রসঙ্গত, মুজিবুল হক চৌধুরী চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ২০২৩ সালের ৬ নভেম্বর এক জনসভায় তিনি পিটার হাসকে হুমকি দেন। বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির প্রতিবাদে আয়োজিত ওই সভায় দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই সময় এই বক্তব্যকে ‘সহিংস’ হিসেবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com