বাসভাড়া বাড়ল

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা এবং চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আন্ত জেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।

মন্ত্রী বলেন, ‘বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।’

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

এর আগে দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এবিষয়ে সভা শুরু হয়। সড়কমন্ত্রীর সভাপতিত্বে সভায় পরিবহন মালিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা সহ-সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com