রাজধানীর শাহবাগ থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ কয়েকজন আহত হয়েছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ঢাল হয়ে দাঁড়ান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানায় এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল। পরে খবর পেয়ে থানায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। পরে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ওই সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এক পর্যায়ে শাহবাগ থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা করা হয়। এতে থানার ভেতরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরও আটকা পড়েছেন।















Leave a Reply