জনতার প্রতিধ্বনি

জনগণের কণ্ঠস্বর

বিএনপি পরিচয়ে চাঁদাবাজি করলে দলে রাখা হবে না : আমানউল্লাহ

বিএনপির পরিচয়ে চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক কারবারিদের দলে রাখা হবে না জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। 

শনিবার (২ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

আমানউল্লাহ আমান বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে। দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি দখল করতে পারবে না। সমাবেশে উপস্থিত পুলিশ সদস্যদের লক্ষ্য করে তিনি বলেন, মাদক সেবনকারী ও বিক্রয়কারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। 

দলের নেতাকর্মীদের দেশের জনগণের সঙ্গে মিলেমিশে ভালো কাজ করার পরামর্শ দেন ঢাকা-২ আসনের এই সংসদ সদস্য। এ ছাড়া বিএনপির নেতাকর্মীদের মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের পক্ষে তদবির না করার নির্দেশনা দেন তিনি।

তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন।

অনুষ্ঠানে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী অনেকেই উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com