ইউরোপীয় লিগে দল কিনলেন গেইল

ক্রিকেটার হিসেবে অনেকবারই শিরোনাম হয়েছেন ক্রিস গেইল। ব্যাট-বল তুলে রাখায় সেই সুযোগ আর না থাকলেও এবার অন্য ভূমিকায় শিরোনাম হয়েছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত সাবেক বাঁহাতি ব্যাটার।

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছেন গেইল। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) দল গ্লাসগো মুগাফিয়ান্সের মালিকানা কিনেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির পার্টনার হিসেবে পাশে পাচ্ছেন ভারতের মুগাফি গ্রুপকে। ভারতের বিনোদনভিত্তিক প্রতিষ্ঠানের নামে তাই দলটির নামকরণ করা হয়েছে।

গ্লাসগোর  সহ-স্বত্বাধিকারী  হতে পেরে ভীষণ রোমাঞ্চিত গেইল। ৪৬ বছর বয়সী সাবেক ওপেনার বলেছেন, ‘গ্লাসগো মুগাফিয়ান্সের সহ-স্বত্বাধিকার হওয়া আমার জন্য এক নতুন অধ্যায়। নতুন অধ্যায় শুরু করতে আমার তর সইছে না।’

শুরুতে গ্লাসগোর মালিকানা কেনার কথা ছিল রাহুল দ্রাবিড় ও রবীচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের। তবে বিবিসি জানিয়েছে, তারা এখন ডাবলিন ভিত্তিক দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। দ্রাবিড়-অশ্বিনের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সরে যাওয়ার সুযোগ নিয়েছেন গেইল। মুগাফি গ্রুপের সঙ্গে গ্লাসগোর মালিকানা কিনেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবমিলিয়ে ৪৮৩ ম্যাচ খেলা সাবেক বিধ্বংসী ওপেনার।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো হতে যাচ্ছে ইটিপিএল। তিন দেশের ছয় শহরকে কেন্দ্র করে ৬ দলের টুর্নামেন্ট হবে। আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগটি হওয়ার কথা রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com