লক্ষ্যের দ্বারপ্রান্তে এসে যদি পূর্ণতার দেখা না মেলে তাহলে আক্ষেপই হওয়ার কথা। আজ মিরপুরে তেমনি এক আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মমিনুল হক। টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির খুব কাছে এসেও পাননি তিনি।
৯ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মমিনুল। ১০ চারে ৯১ রানে নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। এর আগে ক্যারিয়ারে কখনোই ‘নার্ভাস-নাইটিতে’ আউট হননি। তবে এর আগে ৯০-এর ঘর স্পর্শ করার আগেই আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি। কিন্তু কখনোই নাকি আফসোস হয়নি তার।
আজ হয়েছে। কেন হয়েছে? মিরপুর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই ব্যাখ্যাও দিলেন মমিনুল। ব্যাখ্যাটা বেশ মজার। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘সেঞ্চুরি না হওয়ায় এত দিন আক্ষেপ হয়নি। তবে আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। কারণ, সেঞ্চুরি করতে পারিনি বলে বউ হয়তো একটু গালি দেবে। এটাই আরকি। আসার পর দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল আরকি। তবে সত্যি কথা বলতে আমার কাছে একশর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ—নিয়মিত রান করা।’
নোমানের বলটা হঠাৎ করেই নিচু হওয়ায় আউট হয়েছেন জানিয়ে মমিনুল বলেছেন, ‘আমার ওই রকমের রানের তাড়াও ছিল না। লক্ষ্য ছিল আর এক ঘণ্টা আছে, ওই এক ঘণ্টা স্বাভাবিক ক্রিকেট খেললে…। আর সে (নোমান) ভালো বল করছিল। যেভাবে খেলতে চেয়েছিলাম ওইভাবে খেলতে পারিনি, বলটা হঠাৎ করে নিচু হয়ে গেছে।’
















Leave a Reply