দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৩ জন, সিরাজগঞ্জে ২, বগুড়ায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন এবং পঞ্চগড়ে ১ চা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো কয়েকজন।
কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো তথ্য
গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত দুজন।
নিহতরা হলো ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার মাহফুজা জান্নাতি বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে সেলিনা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রাঘাতের সময় ওই নারী বাড়ির বাইরে কাজ করছিলেন, ঘটনাস্থলেই মারা যান তিনি। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড়
পঞ্চগড়ের আটোয়ারীতে চা-বাগানে কাজ করার সময় বজ্রাঘাতে সোহরাওয়ার্দী (৩৫) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই চা শ্রমিক। আজ সকালে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, সোহরাওয়ার্দীসহ কয়েকজন শ্রমিক চা-পাতা তুলতে বাগানে যান। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সোহরাওয়ার্দী তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মতিয়ার রহমান জানান, বজ্রাঘাতে নিহত চা শ্রমিকের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের আব্দুল গফুরের ছেলে কৃষক আব্দুল হামিদ (৫০) ও রায়গঞ্জ উপজেলা ধানগড়া ইউনিয়নের মল্লিক চাঁন গ্রামের আব্দুল হালিমের ছেলে কৃষক হাসান আলী (২৪)। মাধাইনগর ইউপির সদস্য শফিকুল ইসলাম শফি বলেন, কৃষক আব্দুল হামিদ বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। ওই সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।














Leave a Reply